পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭ এপ্রিল ভারতের নয়াদিল্লি সফর করবেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস মঙ্গলবার (৩১ মার্চ) সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, সফরে গঙ্গা পানিবণ্টন চুক্তি ও ভারত থেকে অতিরিক্ত জ্বালানি আনার বিষয়টি আলোচনার প্রধান এজেন্ডা হতে পারে।
বাংলাদেশ মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানি করলেও চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে। এর প্রেক্ষাপটে ভারত থেকে অতিরিক্ত জ্বালানি আনার পরিকল্পনা করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী মরিশাসে ভারত মহাসাগর সম্মেলনে যোগ দেওয়ার আগে নয়াদিল্লি সফর করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় সূত্র জানিয়েছে, ৮ এপ্রিল তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বাণিজ্যমন্ত্রী পিযুস গোয়ালের সঙ্গে বৈঠক করবেন।
এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের কোনো মন্ত্রীর প্রথম বিদেশ সফর হবে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৬-২০২৭ সালের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। এ প্রেক্ষাপটে তিনি ভারতের সহায়তা চাইতে পারেন।
১৯৯৬ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে তিন দশক মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশ ও ভারত উভয় দেশে এর জলবিজ্ঞান ও প্রযুক্তিগত মূল্যায়ন করছে। নতুন আলোচনায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অংশগ্রহণ এবং জলবায়ুগত প্রভাব বিশেষ গুরুত্ব বহন করবে।
সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে বিশেষত ডিজেলসহ জ্বালানি সরবরাহ এবং চুক্তি বিষয়ক আলোচনা করবেন। ভারতের জ্বালানিমন্ত্রী হরদ্বীপ পুরির সঙ্গে এ বিষয়ে আলোচনা হতে পারে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
পড়ুন: আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
আর/


