দুই দিনের সফরে বুধবার ইসরায়েলের উদ্দেশে রওনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফরে দেশ দুটির মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে অংশীদারত্ব আরও গভীর করার কথা। তবে সফরটি মোদির নিজ দেশেই সমালোচনার জন্ম দিয়েছে।
অপরদিকে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নরেন্দ্র মোদির ভাষণ দেওয়ার কথা আছে। কিন্তু এই বিশেষ অধিবেশন বয়কটের পরিকল্পনা করছেন বিরোধী এমপিরা।
সফর নিয়ে ভারতে মোদির সমালোচনা করেছেন কংগ্রেস ও কমিউনিস্ট পার্টির নেতারা। কংগ্রেসের এমপি ইমরান মাসুদ বলেছেন, নয়াদিল্লির দীর্ঘদিনের অবস্থান হলো ফিলিস্তিনকে সমর্থন করা। তাই প্রধানমন্ত্রীর উচিত ইসরায়েলে গিয়ে গাজায় গণহত্যার বিষয়ে কথা।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর উদ্ধৃতি অনুযায়ী, ইমরান মাসুদ বলেন, ‘ইসরায়েল ভারতকে কী দিতে পারে? প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। তাঁর যদি ন্যূনতম নৈতিকতা থাকে, তবে গাজায় শিশুদের মৃত্যু নিয়ে কথা বলা উচিত। ভারত সরকারের অবস্থান স্পষ্ট… তারা ফিলিস্তিনকে সমর্থন করে।’
অপরদিকে ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআইএম) নেতা এমএ বেবি বলেছেন, মোদির ইসরায়েল সফর ‘উপনিবেশবাদ বিরোধী উত্তরাধিকার ও ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের’ প্রতি ভারতের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা।
এক্সে দেওয়া পোস্টে এমএ বেবি লিখেছেন, ‘ভারত নিজেই জাতিসংঘের যেসব প্রস্তাবে সমর্থন ও ভোট দিয়েছে, এই সফর সেগুলোর পরিপন্থী।’ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী উল্লেখ করে কমিউনিস্ট পার্টির এই নেতা আরও লিখেছেন, ‘নেতানিয়াহু বলেছেন ভারত নিরাপত্তা ইস্যুতে সহযোগিতা করবে। মোদি এখন সেই সুরে নাচতে ও গাইতে ইসরায়েল যাচ্ছেন। এই অশুভ আঁতাত জাতির আত্মার জন্য কলঙ্কের।’
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম হ্যারেৎজ জানিয়েছে, নরেন্দ্র মোদির সফর উপলক্ষে নেসেটের বিশেষ অধিবেশন বয়কটের পরিকল্পনা করছে বিরোধী দলগুলো। পর্লামেন্টের স্পিকার আমির ওহানা সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট আইজ্যাক অমিতকে এই বিশেষ অধিবেশনে আমন্ত্রণ জানাননি। এর প্রতিবাদ জানাতেই বয়কটের পরিকল্পনা চলছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত এ ধরনের অধিবেশনে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানোটাই রীতি। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম কান-এর বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিরোধীরা বয়কট করলে পার্লামেন্টের আসন পূরণের জন্য সাবেক এমপিদের আমন্ত্রণ জানাবেন স্পিাকার আমির ওহানা।
পড়ুন:নতুন গভর্নর কে এই মোস্তাকুর রহমান?
দেখুন:এনআইডি সার্ভার বন্ধ: দীর্ঘমেয়াদী সমাধানের তাগিদ
ইমি/


