পটুয়াখালীর আউলিয়াপুর ইউনিয়নের উত্তর বাদুরা গ্রামে ভিজিডি কার্ডের চাউলের অর্ধেক ভাগ না দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হামলায় নুরু গাজী (৫৫) নামে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনাটি ঘটেছে গত ১২ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ৮টা ৩০ মিনিটের দিকে ভুক্তভোগির বাড়ির উঠানে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম নুরু গাজী একজন রিকশা চালক। অসহায় অবস্থার কারণে স্থানীয় মেম্বার ও এলাকার লোকজন তাকে ভিজিডি কার্ডে অন্তর্ভুক্ত করেন। প্রতি মাসে কার্ডের মাধ্যমে তিনি ৩০ কেজি করে চাল পেয়ে থাকেন। ওই চালের অর্ধেক অংশ দাবি করেন তার চাচাতো ভাই মোঃ সলেমান গাজী (৪৫)।
নুরু গাজী অভিযোগে বলেন, চাল ভাগ না দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সলেমান তাকে হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন সকালে উঠানে বসে অন্যের কাছে বিষয়টি নালিশ করায় সলেমান ক্ষিপ্ত হয়ে বাংলা দাওয়ের উল্টো পিঠ দিয়ে তাকে মারধর করেন। এতে তার মাথা, বাম হাতের কনুইসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম ও রক্তাক্ত ক্ষত সৃষ্টি হয়।
জখম গুরুতর হওয়ায় নুরু গাজীকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হলেও সলেমানের প্রভাব খাটানোর চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি।
পরে নুরু গাজী চিকিৎসা শেষে পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সিরিয়াল নং- ৪৩৩১, তারিখ- ১৫.১১.২৫।
অভিযোগে তিনি আসামির বিরুদ্ধে প্রাণনাশের হুমকি, ঘরবাড়িতে শান্তিতে বসবাসে বাধা সৃষ্টি এবং ধারালো অস্ত্র দিয়ে হামলার বিষয় উল্লেখ করে আইনি সহায়তা কামনা করেছেন। ঘটনাস্থলের প্রতিবেশীরা মারধরের ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
তবে এ ঘটনায় সলেমান গাজীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাথে কথা বলা যায় নাই।


