ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আদালতের ভুয়া নিলামের কাজ তৈরি করে ভারত থেকে অবৈধ ভাবে আসা বাসমতী চাল ও ফুচকা পাচারের সময় একটি পিকআপ জব্দ করেছে গোয়েন্দা শাখার সদস্যরা। শুক্রবার গভীর রাতে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৯৮০ কেজি বাসমতী চাল ও ৭০৫ কেজি ফুচকা সহ পিকআপটি আটক করা হয়। এসময় চোরাচালানের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুরের রফিকুল ইসলামের ছেলে আল আমিন (৩১), উপজেলার কুটি জাজিয়ারার মৃত হিরন মিয়ার ছেলে মিশু (২৬) ও রানিয়ারার মৃত সোলেমান মিয়ার ছেলে মেহেদী হাসান (১৯)।
শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া সেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আদালতের নিলাম সংক্রান্ত জাল কাগজপত্র ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে একটি পিকআপে ভারতীয় ৬৬ বস্তা বাসমতী চাল ও ভারতীয় তৈরী ৭০৫ কেজি ফুচকা পাচার করা হচ্ছিল। জেলা গোয়েন্দা শাখার সদস্যরা পিকআপটি আটক করে। আটককৃত মালামালের মূল্য আনুমানিক ৮ লাখ ৩৪ হাজার টাকা। এ সময় চোরাকারবারী চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতেপ চন্দ্র দাস জানান, এই ঘটনায় মামলা দায়েরের পর শনিবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পড়ুন : নোয়াখালীতে গ্যাস লিকেজে বিস্ফোরণ, ভাই – বোনের মৃত্যু


