গতকাল রবিবার সকাল ১০টা ২৫ মিনিট থেকে আজ সোমবার সকাল ১০টা ২৫ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী করাচিতে মোট ৬ বার ভূমিকম্প হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি রোববার সকাল ১০টা ২৫ মিনিটে ঘটে, যা লান্ধি, মালির, কায়দাবাদ, গুলশান-ই-জওহর, খোখরাপুর ও স্টিল টাউনসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়। দ্বিতীয় ভূমিকম্পটি ঘটে প্রায় ৪০ মিনিট পর, সকাল ১১টা ৪ মিনিটে। এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং বাসিন্দারা বাড়িঘর, দোকানপাট ও অফিস থেকে বের হয়ে আসেন।
এরপর বিকেল থেকে রাত ১টা ৬ মিনিট পর্যন্ত আরও চারবার ভূমিকম্প হয়। পাকিস্তান সিসমোলজি সেন্টার (পিএসসি)-এর শীর্ষ কর্মকর্তা আমির হায়দার জানিয়েছেন, ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৩.৬, আর সবচেয়ে দুর্বলটির মাত্রা ৩.২। প্রতিটি ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল করাচির কায়দাবাদ এলাকায়, যা ভূগর্ভের ১০ থেকে ১২ কিলোমিটার গভীরে।
বিশেষজ্ঞদের মতে, এই ভূমিকম্পগুলোর মূল কারণ লান্ধি ফল্ট এলাকা। সাধারণত এই অঞ্চলে মাঝেমধ্যে ভূমিকম্প হয়, তবে তা কম মাত্রার হয় এবং বড় ধরনের বিপর্যয় ঘটায় না। তবে একদিনের মধ্যে ৬ বার ভূমিকম্প হওয়াকে বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা।
এনএ/


