ইতালির ভেনিসে শুক্রবার বাদ মাগরিব বায়তুল মামুর জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করে ভেনিস বিএনপি পরিবার। এ মিলাদ মাহফিলের মাধ্যমে বিশ্ববাসী ও বাংলাদেশে সকলের কাছে জনপ্রিয় ও সমর্থনপ্রাপ্ত রাজনৈতিক নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে ৩১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
মিলাদ মাহফিলে বক্তব্য প্রদান করেন ভেনিসের বিএনপি ও যুবদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, খালেদা জিয়া সারা জীবন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও মুক্তির জন্য সংগ্রাম করেছেন। তার এই সংগ্রাম বর্তমানেও চলমান থাকবে।
বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের পথ অব্যাহত থাকবে এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের উন্নতি অব্যাহত থাকবে।
ভেনিসের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন। এ সময় অনেকে আবেগাপ্লুত কণ্ঠে খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন এবং তার অসামান্য নেতৃত্ব, ত্যাগ ও দেশপ্রেমের কথা স্মরণ করেন।
দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মী বলেন, সর্বজন শ্রদ্ধেয় খালেদা জিয়ার আপসহীন আদর্শ ও সংগ্রামের আলোতে অনুপ্রাণিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল আজিজ।
পড়ুন : ইতালিস্থ নির্বাচিত বরিশাল জেলা সমিতির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত


