33.5 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৫:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভোটাধিকার ফিরিয়ে আনা ও নির্যাতনের বিচারই প্রথম অগ্রাধিকার—ডা. জাহিদ হোসেন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “দেশ পুনর্গঠনের পথে প্রথম কাজ হবে ভোটাধিকার ফিরিয়ে আনা এবং যারা নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার নিশ্চিত করা।” তিনি বলেন, “বাংলাদেশের জনগণ গত ১৬ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই আজ আমাদের জাতীয় দায়িত্ব অনেক বেড়ে গেছে। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং যারা হাজারো নেতাকর্মীকে গুম-খুন করেছে তাদের আইনের আওতায় আনতে হবে।”
বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় কুমিল্লা মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি অনুষ্ঠিত হয় ‘জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ফ্যাসিবাদবিরোধী বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত দেশব্যাপী বিজয় র‍্যালির অংশ হিসেবে।
ডা. জাহিদ হোসেন বলেন, “স্বৈরাচারী সরকারের শাসনামলে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। শতশত পরিবার আজো তাদের প্রিয়জনের অপেক্ষায় দিন কাটাচ্ছে। এই অন্যায়ের বিচার করতে হবে। দেশের জনগণ যেন আবার নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটি নিশ্চিত করাই হবে আমাদের আন্দোলনের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “গত চারটি জাতীয় নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বারবার ভোটের অধিকার ছিনিয়ে নেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা তারেক রহমান ইতোমধ্যে জানিয়েছেন, আগামী নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে। আমরা বিশ্বাস করি, সেই নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার পুনরুদ্ধার করবে।”
বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা বলেন, “স্বৈরাচারী শাসকগোষ্ঠী যে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে, তা দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করতে হবে। পাশাপাশি, যারা আন্দোলন-সংগ্রামে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।”
তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “গত ১৬ বছর ধরে আপনারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। এই কুমিল্লায় আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছেন। হাজারো নেতাকর্মী আহত হয়েছেন, মামলা-হামলার শিকার হয়েছেন। আমরা আজ সেই সব শহীদ ভাইদের স্মরণ করছি, যারা জীবন দিয়েছেন গণতন্ত্রের জন্য। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা এখনো নির্যাতিত, আমরা সবসময় তাদের পাশে আছি এবং বিএনপি ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।”
এর আগে সকাল থেকেই কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন। পরে একটি বিশাল বিজয় র‍্যালি বের করা হয়, যা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে দলের নেতা-কর্মীরা ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং জাতীয় ও দলীয় পতাকা বহন করেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। এ সময় জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: দুর্গাপুরে জুলাই আন্দোলনে নিহত ৪ শহীদের স্মরণে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

দেখুন: খাবার নেই, নেই টাকা পাক সেনাবাহিনীর |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন