ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পথে নির্বাচন কমিশন কর্মপরিকল্পনা ঘোষণা করতে পারে। বুধবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে দুপুরে সিইসি, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এ নিয়ে বৈঠকও করেছেন। কর্মপরিকল্পনার অনুমোদন দিয়েছে কমিশন। এখন আনুষ্ঠানিক ঘোষণার পালা।
বেলা ১টায় সিইসি এএমএম নাসির উদ্দিনের কক্ষ থেকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। অনুমোদন হয়েছে, এখন শুধু টাইপিং চলছে। “
সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত শুনানি শেষ হচ্ছে বুধবার। বিকেলে সার্বিক বিষয় নিয়ে নির্বাচন কমিশন সচিব ব্রিফিং করার কথা রয়েছে।
জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “আমরা ব্রিফিংয়ে আসব। তখন সীমানার শুনানির বিষয়টির পাশাপাশি এ বিষয়টিও দেখা যাবে।”
সবশেষ গত বৃহস্পতিবার ‘ত্রয়োদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা’ নিয়ে চার নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তা বৈঠক করেন।
এদিন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, বিস্তারিত কর্মপরিকল্পনা ও বাস্তবায়নসূচির বিষয়ে ব্রিফ করা হবে।
ভোট প্রস্তুতির বিষয়ে ইসির পক্ষ থেকে ইতোমধ্যে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, নির্বাচন পযবেক্ষক, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)সংস্কার, বিধিমালা ও নীতিমালা জারি, প্রবাসীদের জন্য আইটি সাপোর্টেড নিবন্ধন ও পোষ্টাল ব্যালট পদ্ধতি, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা বিষয়গুলো তুলে ধরা হয় রোডম্যাপে।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, অন্য নির্বাচন কমিশনাররা হলেন- আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ।
আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সংক্রান্ত চিঠিও দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে।
প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন, ভোটের তারিখের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন সভায় আলোচনা শেষে জানানো হয়, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেবে ইসি।
>> তফসিলের আগে ও পরের কাজ থাকবে ও সম্ভাব্য বাস্তবায়ন সময় ধরে ইসির প্রস্তুতি চলে বরাবরই।
>>রোডম্যাপের মধ্যে সংলাপ, মত বিনিময়, মিটিং, ব্রিফিং, প্রশিক্ষণ, মুদ্রণ, বাজেট বরাদ্দ, আইটি ভিত্তিক প্রস্তুতি, প্রচারণা, সমন্বয় সেল, আন্তমন্ত্রণালয় বৈঠক থেকে যাবতীয় কর্মপরিকল্পনা মাথায় রেখে উল্লেখযোগ্য খাত ও বাস্তবায়নসূচি রয়েছে।
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য প্রধান উপদেষ্টার কাছ থেকে চিঠি পাওয়ার উল্লেখ করে গত শনিবার রাজশাহীতে সিইসি বলেছেন বলেছেন, “তারপর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। এর মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা মোটামুটি প্রস্তুত করা হয়েছে। আগামী সপ্তাহেই তা ঘোষণা করা হতে পারে।”
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

