ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সরকার আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় টানা চার দিনের ছুটি মিলছে। তবে এই সময়ে রাজধানীর যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন হবে না বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ছুটির দিনগুলোতেও মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। ভোটের দিন যাত্রী চাপ বিবেচনায় অতিরিক্ত ট্রেন চালানো হবে বলেও জানান তিনি।
ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, নির্বাচন উপলক্ষে ঘোষিত ছুটির দিনগুলোতে মেট্রো ট্রেন স্বাভাবিক কর্মদিবসের সময়সূচি অনুযায়ী চলবে। তবে নিরাপত্তার কারণে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে সন্নিকটে, সেগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে। অন্যান্য গেট চালু থাকবে।
এদিকে নির্বাচনকালীন সময়ে মেট্রো ট্রেনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সকলের ছুটি বাতিল করা হয়েছে। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, লাইন অপারেশন, রক্ষণাবেক্ষণ, জরুরি নিরাপত্তা কার্যক্রমসহ সংশ্লিষ্ট সব ইউনিটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি (বিশেষ বা জরুরি ক্ষেত্র ব্যতীত) বাতিল থাকবে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
পড়ুন: আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড
আর/


