পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ‘দাড়ি পাল্লা’ প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শহর থেকে গ্রাম, অলিগলি থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা দলীয় প্রার্থীকে জয়ী করতে এলাকায় জোর প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
জামালপুর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী তৎপরতা সবচেয়ে বেশি লক্ষণীয়। এ আসনে দলটির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী।
নিজ দলের প্রার্থীকে বিজয়ী করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন জামায়াতের কর্মী-সমর্থকরা। গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভাসহ নানা কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে।
রোববার সন্ধ্যা ও রাতে এ আসনের চরপুটিমারী ও চরগোয়ালিনী ইউনিয়নে একাধিক মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা সেক্রেটারি আবু মুসা, চরপুটিমারী ইউনিয়ন সভাপতি আবুল কালাম আজাদ, চরগোয়ালিনী ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলাম, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রশিবির নেতা নাজমুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা।
মিছিলগুলোতে দলীয় স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। এ সময় নেতারা বলেন, জনগণের সমর্থন নিয়ে জামায়াতে ইসলামী বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে এবং আগামী নির্বাচনে এ আসনে দাড়ি পাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পড়ুন : প্রতীক জটিলতায় জামালপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান


