ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশব্যাপী শুরু হওয়া সহিংসতা, প্রতিহিংসা ও দখলদারিত্বের রাজনীতির তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে সেটি পোস্টও করেন তিনি।
পোস্টে নাহিদ ইসলাম লেখেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই সারা দেশে নির্দিষ্ট রাজনৈতিক মদতে সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতি শুরু হয়েছে–যা গণতন্ত্রের জন্য সরাসরি হুমকি। ক্ষমতার উল্লাসে ভিন্ন মত ও প্রতিদ্বন্দ্বী শক্তির ওপর হামলা চালিয়ে তারা প্রমাণ করছে যে, তাদের লক্ষ্য গণতান্ত্রিক সহাবস্থান নয় বরং ভয়ের পরিবেশ সৃষ্টি করা।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থানে এগারো দলীয় জোটের নেতাকর্মী এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের ওপর ধারাবাহিক হামলা চালানো হয়েছে। এতে বহু মানুষ আহত হয়েছেন এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে। এটি কোনো বিচ্ছিন্ন উচ্ছৃঙ্খলতা নয়; বরং সংগঠিত শক্তি প্রদর্শন এবং রাজনৈতিক আধিপত্য কায়েমের অপচেষ্টা।
তিনি আরও বলেন, নির্বাচনের পর সন্ত্রাস চালিয়ে মাঠ দখলের রাজনীতি সফল হবে না। জনগণের ম্যান্ডেটকে ঢাল বানিয়ে যারা গণভয় তৈরি করছে, তারা ইতিহাসের ভুল পাশে দাঁড়াচ্ছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দমন করে নয়, বরং ন্যায়সংগত প্রতিযোগিতার মধ্যদিয়েই টিকে থাকে।
প্রশাসনকে কঠোর হওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, অবিলম্বে সব সহিংসতা বন্ধ করতে হবে, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রশাসনের নীরবতা, গড়িমসি বা পক্ষপাত এই সংকটকে আরও গভীর করবে এবং রাষ্ট্রের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে।
পড়ুন: নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবে ১ হাজার অতিথি : মন্ত্রিপরিষদ সচিব
আর/


