ভোলার মাঝের চরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ট্রলার থেকে মাঝিসহ ৬২ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
আজ সকালে ভোলার সদর উপজেলা ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মাঝের চর এলাকার মেঘনা নদীতে বিকল হয়ে ভাসতে থাকা একটি ট্রলার থেকে যাত্রীদের উদ্ধার করা হয়।
আজ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শুক্রবার সকাল ১০ টায় ভোলার সদর থানাধীন ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মাঝের চর এলাকায় লক্ষ্মীপুর হতে ইলিশা লঞ্চঘাটে যাওয়ার পথে ১ টি ট্রলার ইঞ্জিন বিকল হয়ে ৬০ জন যাত্রীসহ ভাসতে থাকে। বিষয়টি ট্রলারে থাকা এক যাত্রী কোস্ট গার্ডকে অবগত করলে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ইলিশা কর্তৃক একটি উদ্ধারকারী দল অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ৬০ জন যাত্রী ও ২ জন মাঝিসহ মোট ৬২ জন কে উদ্ধার করে। এবং বোটের মাধ্যমে নিরাপদে ইলিশা লঞ্চঘাটে পৌঁছে দেয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে ট্রলার ও মাঝিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইলিশা নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৫ উপলক্ষ্যে নৌপথে যাত্রী সাধারণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয় এ প্রেস বিজ্ঞপ্তিতে।
পড়ুন : ঈদে নিরাপত্তা নিশ্চিতে ভোলায় কোস্টগার্ডের টহল ও তল্লাশি কার্যক্রম


