দ্বীপ জেলা ভোলার চারটি সংসদীয় আসনের বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ। ঘোষিত ফলাফলে জেলার তিনটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। অন্যদিকে ভোলা সদর আসনে গরুর গাড়ি প্রতীকের প্রার্থী আন্দালিব রহমান পার্থ বড় ব্যবধানে জয়লাভ করে চমক দেখিয়েছেন।
এবারের নির্বাচনে অধিকাংশ আসনে ছিল একতরফা ভোটের চিত্র, তবে কিছু কেন্দ্রে দেখা গেছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। ভোট গণনা শেষে বিজয়ীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ও মিছিল করতে দেখা গেছে।
ভোলা–৪ (চরফ্যাশন–মনপুরা): মোট ১৫৪টি কেন্দ্রের সবকটির ফলাফল ঘোষণা করা হয়। সেখানে ধানের শীষ প্রতীকের মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন পেয়েছেন ১,৯০,০০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. মোস্তফা কামাল পেয়েছেন ৮২,৩৯৮ ভোট।
অর্থাৎ ১,০৭,৬০৭ ভোটের বিশাল ব্যবধানে জয়, যা জেলার সবচেয়ে বড় ব্যবধান হিসেবে বিবেচিত হচ্ছে।
ভোলা–৩ (লালমোহন–তজুমদ্দিন): একতরফা জয় হাফিজ উদ্দিনের। এই আসনে ধানের শীষ প্রতীকের মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ পেয়েছেন ১,৫১,৭৭৪ ভোট।
ফুলকপি প্রতীকের নিজামুল হক নাঈম পেয়েছেন ৫৫,৬৬০ ভোট। অর্থাৎ ৯৬,১১৪ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন হাফিজ উদ্দিন আহমদ। ভোটের ব্যবধান দেখে এটিকে কার্যত একতরফা নির্বাচন বলছেন স্থানীয়রা।
ভোলা–২ (দৌলতখান–বোরহানউদ্দিন): শক্ত লড়াই শেষে ধানের শীষের জয়। ধানের শীষ প্রতীকের আলহাজ্ব হাফিজ ইব্রাহিম পেয়েছেন ১,২১,০০৫ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের মুফতি ফজলুল করিম পেয়েছেন ৯৩,৪৯৮ ভোট।
তিনিও ২৭,৫০৭ ভোটের ব্যবধানে জয় পেলেও এই আসনে তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে।
ভোলা–১ (সদর): বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের চমক, গরুর গাড়ির দাপট৷ ভোলা-১ আসনে মোট ১১৪টি কেন্দ্রের সবকটির ফলাফল ঘোষণা করা হয়।
গরুর গাড়ি প্রতীকের আন্দালিব রহমান পার্থ পেয়েছেন ১,০৪,৪৬২ ভোট। দাঁড়িপাল্লার অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন ৭৩,৭৭৩ ভোট। হাতপাখার ওবায়েদ বিন মোস্তফা পেয়েছেন ২৫,০৯১ ভোট। এখানে ৩০,৬৮৯ ভোটের বড় ব্যবধানে জয় পান পার্থ।
পড়ুন :ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক


