ব্রাহ্মণবাড়িয়ায় একটি ফার্মেসীতে এসে পিস্তল বের করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে। এই সংক্রান্ত একটি সিসি ক্যামেরা ভিডিও প্রকাশিত হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জেলা শহরের কুমারশীল মোড়ের মিনহাজ ফার্মেসীর মালিক মো. কাউসার।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু কাউসার ২০২৪ সালের ৫ আগস্ট বেশ কিছু রাজনৈতিক মামলায় আসামী হওয়ায় পলাতক রয়েছেন। এরই মাঝে তার প্রথম স্ত্রী লিজা আক্তারকে রেখে গোপনে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। বিষয়টি এতোদিন গোপন ছিল। সম্প্রতি যুবলীগ নেতা আবু কাউসারের দ্বিতীয় স্ত্রীর সন্তান জন্ম দেয়। এরপর কাউসারের ২য় বিয়ের বিষয়টি জেনে যায় প্রথম স্ত্রী লিজা আক্তার। দ্বিতীয় স্ত্রী পলাতক যুবলীগ নেতার সাথে থাকায় তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করে আসছেন প্রথম স্ত্রী লিজা আক্তার। পরে জানতে পারেন ২য় স্ত্রী ভাই শহরের কুমারশীল মোড়ে অবস্থিত মিনহাজ ফার্মেসীতে চাকরি করে। গত ২৩ নভেম্বর সন্ধ্যায় ২য় স্ত্রীর ভাইকে লিজা আক্তার মিনহাজ ফার্মেসীতে খোঁজ করতে আসেন। পরে তাকে না পেয়ে দোকানে থাকা অন্যান্য স্টাফদের তার ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে হত্যার হুমকি দেন। এই ঘটনা ছড়িয়ে পড়লে টক অব টাউনে পরিণত হয়। ঘটনাটি দোকানের সিসি ক্যামরায় ধারণা করা হয়। এই ঘটনায় ফার্মেসীর মালিক মো. কাউসার সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
মিনহাজ ফার্মেসীর মালিক মো. কাউসার বলেন, যুবলীগ নেতা আবু কাউসারের প্রথম স্ত্রী আমার দোকানে এসে ২য় স্ত্রীর ভাইকে খোঁজ করে। পরে না পেয়ে পিস্তল বের করে আমাকে এবং আমার স্টাফকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে। এই ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
তবে যুবলীগ নেতার স্ত্রী অভিযুক্ত লিজা আক্তারের কোন বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের দায়িত্ব প্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এস আই) আব্দুল আলিম বলেন, অভিযোগের তদন্তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি ট্রেনিংয়ে এসে পড়েছি। আগামীকাল গিয়ে ঘটনার তদন্ত শুরু করবো।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় হাজারো মোটরসাইকেল নিয়ে বিএনপি নেতার শোডাউন


