১৫/০২/২০২৬, ১৫:৫২ অপরাহ্ণ
28 C
Dhaka
১৫/০২/২০২৬, ১৫:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্য, বিকাল ৪টায় মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

আগামী মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের সকাল ১০টায় ও মন্ত্রিসভার শপথ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি।

বিজ্ঞাপন

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নতুন সংসদ সদস্যদের (এমপি) শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে। শপথ অনুষ্ঠান আয়োজনে সার্বিক প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে অংশ নেয়ার জন্য ভারত-পাকিস্তানসহ ১৩টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

জাতীয় সংসদ ভবনে সরকার আর বিরোধীদল মুখোমুখি হত যুক্তি-তর্কে, নীতির লড়াইয়ে, জনস্বার্থের প্রশ্নে। তর্ক থাকত, মতভেদ থাকত, কিন্তু সেই বিতর্কই গণতন্ত্রের প্রাণসঞ্চার করত। বহু বছর ধরে একপেশে কার্যক্রমের অভিযোগে যে সংসদ সমালোচনার মুখে ছিল, সেখানে আজ শোনা যাচ্ছে নতুন সূচনার প্রত্যাশা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে মঙ্গলবার। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।

এর আগে একই দিন সকাল ১০টায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন প্রাঙ্গণে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিস্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্য বর্ধনের ব্যস্ততা।

সার্বিক প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগও। শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে দেশি-বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানোসহ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে তৎপর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, শপথ অনুষ্ঠানে এরইমধ্যে ভারত, পাকিস্তান, চীনসহ ১৩টি দেশের সরকার ও রাষ্ট্র প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

নির্ধারিত সময়ে শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছে বলে মুঠোফোনে জানিয়েছেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। তিনি জানান, নেয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও।

এদিকে, সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির কাছে প্রত্যাশা বেড়েছে সাধারণ মানুষের। দেশকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাখতে পারবে এমন মন্ত্রিসভা প্রত্যাশা তাদের। সেইসঙ্গে নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা চান তারা।

শপথ অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে ডাক পাওয়া ব্যক্তিদেরকে বহন করতে পরিবহন পুলের পক্ষ থেকে ৪৫টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন