মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বড় ধরনের শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সোমবার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম—এই চারটি গুরুত্বপূর্ণ রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল সম্পূর্ণ স্থগিত থাকবে।
এছাড়া দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো আগামী ১০ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে, যা পরিস্থিতির ওপর ভিত্তি করে পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।
সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের জানান, ইরান-ইসরাইল উত্তেজনার মাঝেও নিরাপত্তা নিশ্চিত করে জেদ্দা ও মদিনাসহ চারটি রুটে পুনরায় ফ্লাইট চালু করা হয়েছে। দুবাই রুটটি চালুর চেষ্টা চলছে এবং অন্যান্য রুটের ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানকে সম্পূর্ণ নতুন করে ঢেলে সাজানোর এবং জনগণের ভোগান্তি কমাতে উন্নত সেবা নিশ্চিত করার কড়া নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্যে বিমানবন্দরে স্ক্যানার মেশিনের সংখ্যা বাড়িয়ে তিনটি করা হচ্ছে এবং টিকিটের দাম সাধারণ মানুষের নাগালে আনতে কাজ শুরু হয়েছে। অতীতের অনিয়ম কাটিয়ে আইন মেনে বিমানকে একটি শক্তিশালী অবস্থানে ফেরানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পড়ুন : ডিএসসিসির নির্দেশনা : বর্জ্যবাহী গাড়িতে ২০%, কর্মকর্তাদের ৩০% জ্বালানি কম বরাদ্দ


