মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েল-সম্পৃক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। ইরানের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে এ হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (২৯ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, “ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।”
সংস্থাটি দাবি করেছে, তেহরানের ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিসহ দেশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে হামলার শিকার হয়েছে।
বিবৃতিতে শিক্ষার্থী, শিক্ষক ও আশপাশের বাসিন্দাদের সতর্ক করে বলা হয়, তারা যেন মার্কিন-সম্পৃক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অন্তত এক কিলোমিটার দূরে অবস্থান করেন।
এছাড়া যুক্তরাষ্ট্র সরকারকে আগামী ৩০ মার্চের মধ্যে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার নিন্দা জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় হামলার পরিসর আরও বাড়ানোর হুমকিও দেওয়া হয়।
আইআরজিসি আরও জানায়, যুক্তরাষ্ট্র যদি তাদের আঞ্চলিক মিত্রদের বিশ্ববিদ্যালয়গুলোতে সম্ভাব্য হামলা ঠেকাতে চায়, তবে সংশ্লিষ্ট পক্ষগুলোকে ইরানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে হামলা থেকে বিরত রাখতে হবে।
পড়ুন: ফিলিং স্টেশনে বাকবিতণ্ডা: ট্রাকচাপায় পাম্প ম্যানেজার নিহত
আর/


