০১/০৩/২০২৬, ১৮:০২ অপরাহ্ণ
29 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৮:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্প নিয়ে নাটক ‘থাকে তবু ভালোবাসা’

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। এই পরিবারে তিন সদস্য—সরোয়ার, সায়না ও তাদের একমাত্র মেয়ে নাবিহা। স্বল্প বেতনের চাকরি করে সরোয়ার। সেই টাকায় চলে সংসার। কোনো কারণে বাড়তি টাকার প্রয়োজন হলে ধার-দেনা করতে হয়। মাস কয়েক আগে ধার-দেনা করে একটি মোটর সাইকেল কিনেছে সরোয়ার। এখনো সেই টাকা শোধ হয়নি পুরোটা। এমনি পরিস্থিতিতে প্রতিবেশীদের কথার খোঁচায় বাসায় একটা এসি লাগানোর আবদার করে বসে সায়না। এই নিয়ে চলে মন কষাকষি। একপর্যায়ে স্ত্রী-সন্তানের মুখে হাসি ফোটাতে এসি কেনে সরোয়ার। টাকা জোগাড় করতে গিয়ে না বলে অফিসের টাকা খরচ করে ফেলে সে। তাতেই ঘটে বিপত্তি। গল্প গড়ায় চরম নাটকীয়তায়।

‘থাকে তবু ভালোবাসা’ নির্দেশনা দিয়েছেন এস এম সেলিম। গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন এম এস রানা। প্রযোজনায় আফরোজা সুলতানা। সরোয়ার চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, সায়না চরিত্রে নাবিলা ইসলাম এবং নাবিহা চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী নাবিহা রানা ইরা। অন্যান্য চরিত্রে তারেক আজিজ নিশক, জান্নাতুন তাজরী অরা, সোহেল রশিদ, অরণ্য বিজয়, মোশারফ হোসেন ও মনির হোসেন অনিক। ‘থাকে তবু ভালোবাসা’ শিরোনামে নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। গানে কণ্ঠ দিয়েছেন সেনিজ।

অভিনেতা তানভীর বলেন, ‘নাটকের গল্পটা অসাধারণ। ঘটনা সামান্য, কিন্তু গভীরতা অনেক বেশি। পারিবারিক বন্ধন, সম্পর্কের টান আর ছোট্ট ছোট্ট ঘটনার মধ্য দিয়ে চরম এক নাটকীয়তার মুখে দাঁড় করায় চরত্রিগুলোকে। এই নাটকের শেষটা এতটাই ইমোশনাল ছিল যে আমরা সত্যিই কাঁদছিলাম। ডিরেক্টর থেকে শুরু করে ইউনিটের অনেকেই কান্না আটকে রাখতে পারেননি।’

নাবিলা ইসলাম বলেন, ‘এই নাটকে এসিটা একটা উপলক্ষ মাত্র। মধ্যবিত্ত মানুষেরা এখানে নিজেদের জীবনের গল্প খুঁজে পাবেন। বিশেষ করে যেভাবে গল্পের সমাপ্তি টানা হয়েছে, তা প্রতিটি দর্শকের মনকে নাড়া দিয়ে যাবে। এ ধরনের গল্পকে বাস্তবতার ছোঁয়ায় তুলে ধরতে শিল্পীদের পারস্পরিক বোঝাপড়াটা জরুরি। তানভীরের সঙ্গে আগেও কাজ করেছি। সেই বোঝাপড়াটা খুব কাজে দিয়েছে। নাবিহার এটা প্রথম অভিনয়, অথচ ও এত রিয়েল অভিনয় করেছে, আমাদের সঙ্গে এতটাই মানিয়ে নিয়েছে যে, আমরা যেন সত্যিই একটা পরিবার হয়ে গিয়েছিলাম।’

শিশুশিল্পী নাবিহার ভাষ্য, ‘এটা আমার প্রথম অভিনয়। ডিরেক্টর আঙ্কেল, আমার মা, নাটকে যারা আমার বাবা-মা হয়েছেন সবাই আমাকে হেল্প করেছেন। আর আমি তো স্ক্রিপ্টটা আগেই পড়ে নিয়েছিলাম। তাই যখন যেভাবে বলেছে, আমি সেভাবেই করেছি। আমার খুব ভালো লেগেছে অভিনয় করতে।’

নির্দেশক সেলিম বলেন, ‘সবাই মিলে একটি সুন্দর গল্প বলার চেষ্টা করেছি। নাটকটি দর্শকদের যতটা আনন্দ দেবে, ততটাই ভাবাবে। সবার ভালো লাগলেই আমাদের এই চেষ্টা সার্থক হবে।’

প্রযোজক আফরোজা সুলতানা জানিয়েছেন, থাকে তবু ভালোবাসা বাংলাদেশ টেলিভিশনের এ সপ্তাহের নাটক। এটি প্রচারিত হবে আগামী ৭ মার্চ রাত ৯টায়।

বিজ্ঞাপন

পড়ুন : ইত্যাদিতে হাবিব ওয়াহিদের ভিন্নধর্মী গান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন