নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নে এক প্রবাসীকে মারধর করে লক্ষাধিক টাকা ও স্বর্ণের চেইন লুটের অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মনোহরদী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্ত্রী সাবিনা বেগম (২৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৩০ জুন) বেলা ১১টার দিকে সৌদি প্রবাসী রিপন মিয়া (৩৭) পাইকান বাজারে যাওয়ার সময় রতন পাগলার মাজারসংলগ্ন রাস্তায় গাড়ি পার্ক করতে গেলে রহমান (২৬) বাধা দেন। কথাকাটাকাটির একপর্যায়ে রহমান, লোকমান (২৫) ও তাদের পিতা মিন মিয়া (৫০) লাঠি, ছোরা ও লোহার রড দিয়ে রিপন মিয়াকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন।
এ সময় হামলাকারীরা রিপনের কাছ থেকে নগদ ১ লাখ ৪০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণের চেইন (মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা) এবং সৌদি আকামার কাগজপত্র ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা রিপন মিয়াকে উদ্ধার করে মনোহরদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা রিপন মিয়াকে হত্যার হুমকি দিয়ে এলাকায় কোনো আইনি পদক্ষেপ না নিতে হুমকি দেয়। এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন ভুক্তভোগী।
রিপনের স্ত্রী সাবিনা বেগম বলেন, আমার স্বামীকে নির্মমভাবে পেটানো হয়েছে। এতে তার নাকের হাড় ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা ভালো নয়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বার বলেন, বিষয়টি আমাদের জানা আছে। ঘটনাটি তদন্তের জন্য একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। মামলা রেকর্ড করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন: নেত্রকোনায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
দেখুন: ছাত্র আন্দোলনে ফের উত্তপ্ত বরিশাল
ইম/


