নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাসভবনসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।
আদিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর জন্য আপাতত তিনটি বাংলো বাড়ি প্রস্তুত আছে। এর একটি হলো যমুনা, আরেকটি সংসদ ভবনের পেছনে স্পিকারের বাংলো এবং অপরটি ডেপুটি স্পিকারের বাংলো। বিএনপির পক্ষ থেকে যেভাবে চাওয়া হবে সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে।
আদিলুর রহমান বলেন, গণভবনের পেছনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জায়গায় প্রধানমন্ত্রীর স্থায়ী বাড়ি নির্মাণ করা হচ্ছে। সেই বাড়ি প্রস্তুতির আগে পর্যন্ত অস্থায়ীভাবে যমুনা এবং স্পিকারের বাড়ি প্রস্তুত করা হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য।
পড়ুন : নির্বাচনে কোনো জঙ্গি হামলার শঙ্কা দেখছে না র্যাব: মহাপরিচালক


