আলোকিত হালুয়াঘাট গড়তে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে আজ দুপুর থেকে রাত পর্যন্ত বিএনপির যুগ্ম মহাসচিব ময়মনসিংহের হালুয়াঘাট ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স হালুয়াঘাটের প্রাথমিক শিক্ষক , বাজার ব্যবসায়ী, শ্রমিকদের সাথে মতবিনিময় করেন ।
পৃথক পৃথক মতবিনিময় সভায় শিক্ষক প্রতিনিধি, ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমিকগণ নিজস্ব পেশাগত সমস্যা তথা শিক্ষাঙ্গনের পরিবেশ উন্নয়ন, শিক্ষক সংকট, শ্রেণিকক্ষের আধুনিকায়ন, বাজারে নিত্যকর সমস্যা, অবকাঠামো ঘাটতি, নিরাপত্তা, বৈধ ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা, ও বাজার ব্যবস্থাপনার জটিলতা, বাজার শ্রমিকদের কম মজুরি ও অনিয়মিত আয়, কাজের নিরাপত্তাহীনতা তুলে ধরেন।
হালুয়াঘাট পৌর শহরের উত্তর খয়রাকুড়িস্থ উপজেলা মিলনায়তনে তিন পর্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দুই সহশ্রাধিক শিক্ষক , ব্যবসায়ী ও বাজার শ্রমিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয় ।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, স্কুলে প্রযুক্তি সুবিধা বাড়ানো, শিক্ষক প্রশিক্ষণ জোরদার এবং শিক্ষার পরিবেশ স্বচ্ছ ও আধুনিক করা যে কোনো এলাকার উন্নয়নের মৌলিক ভিত্তি। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যদি কোনো ঘাটতি থাকে , তবে শিক্ষার্থীদের ফাউন্ডেশন নড়বড়ে হয় ।
হালুয়াঘাটের বাজার শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, শ্রমিকরা এলাকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। বাজার, ঘাট, গুদাম, নির্মাণস্থল, কৃষিপণ্য পরিবহন—সবখানে তাদের ঘাম ঝরে। কিন্তু তারা এখনো ন্যায্য মজুরি, নিরাপত্তা, চিকিৎসা, বাসস্থান ও মর্যাদা থেকে বঞ্চিত।
হালুয়াঘাট বাজারের সাধারণ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এমরান সালেহ প্রিন্স বলেন ,হালুয়াঘাটের সাধারণ ব্যবসায়ীরা প্রতিদিন অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হন। বাজারের অবকাঠামো দুর্বল, নিকাশি ব্যবস্থা ভঙ্গুর, নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল, ট্রাফিক সমস্যা ভয়াবহ—এসব সমস্যা সমাধান ছাড়া ব্যবসা সহজে এগোতে পারে না।”
তিনি আরও বলেন,“এই বাজার শুধু কেনাবেচার স্থান নয়—এখানে হাজারো মানুষের জীবিকা, দিনের আয়–রোজগার ও পরিবারের ভবিষ্যৎ জড়িয়ে আছে। তাই বাজারকে আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল করা একটা জরুরি কাজ।”
তিনি বলেন, ইনশাআল্লাহ হালুয়াঘাটে বহুতল আধুনিক বাজার ভবনের তৈরি হবে, যাতে ছোট ব্যবসায়ীদের জন্য সুলভ ভাড়া,নিরাপদ গুদামঘর, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা,পরিষ্কার–পরিচ্ছন্নতা,বাজারের বিভিন্ন কর্নারে মহিলা ও পুরুষদের জন্য শৌচাগার,পানি–নিকাশির আধুনিক ব্যবস্থা থাকবে ।
তিনি বলেন “আলোকিত হালুয়াঘাট গড়ার অর্থ শুধু রাস্তা বা ভবন নির্মাণ নয়; যারা শিক্ষিত মানুষ গড়ার কারিগর, যাঁদের কর্মে আমাদের ভাত-কাপড়ের সংস্থান হয় , যাঁরা শ্রম দেন, যারা দিন–মজুরি করে এই অঞ্চলের অর্থনীতিকে সচল রাখেন—তাদের জীবনমান উন্নয়নই প্রকৃত উন্নয়ন।”
তিনি বলেন, সকল শ্রেণী-পেশার জীবনমান উন্নয়নই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। তিনি সকলকে বিএনপির ওপর আস্থা ও বিশ্বাস রাখার আহবান জানিয়ে বলেন, বিএনপি গণ আকাংক্ষার বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ।
প্রাথমিক শিক্ষকদের সাথে বিনিময় সভায় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ সভপতিত্ব করেন। বক্তব্য রাখেন আবদুল হান্নান, আনিসুজ্জামান, নাদিম আহম্মদ, সাজ্জাদ হোসেন বাচ্চু, ইদ্রিস আলী, কবীর মিয়া, আবদুল হান্নান বাচ্চু, এমরান হোসেন, আবদুল হালিম, বোরহান উদ্দিন, রেহানা পারভীন, খলিলুর রহমান, আক্তার হোসেন, মাজহারুল হক, দেলোয়ার হোসেন, আব্দুর রফিক, মখলেসুর রহমান প্রমুখ ।
পড়ুন : ব্যারিস্টার কায়সার কামালের পোস্টার ছিঁড়ায় এলাকাবাসীর ক্ষোভ


