ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও আপসহীন গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব ময়মনসিংহ হালুয়াঘাট ধোবাউড়া আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স অংশগ্রহণ করে মরহুমার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।
শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “বেগম খালেদা জিয়া এমন এক সময়ে ইন্তেকাল করেছেন, যখন দেশ ও জাতির জন্য তাঁকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।সংকটময় সময়ে দেশনেত্রীর অভাব জাতি গভীরভাবে অনুভব করছে।”
তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের বহুদলীয় গণতন্ত্রের যে ভিত্তি স্থাপন করেছিলেন, বেগম খালেদা জিয়া সেই আদর্শকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছেন। আপসহীন নেতৃত্ব, দেশপ্রেম এবং জনগণের কল্যাণই ছিল তাঁর রাজনীতির মূল দর্শন।”
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আসন্ন নির্বাচন হবে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের নির্বাচন। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। তারেক রহমানের নেতৃত্বেই শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং সাধারণ মানুষের মুখে আবারও হাসি ফুটবে।”
তিনি আরও বলেন, “দেশের মানুষ আজ মুক্তি চায়, ন্যায়বিচার ও ভোটের অধিকার চায়। বিএনপির নেতৃত্বেই ইনশাআল্লাহ সেই মুক্তির পথ সুগম হবে।” বক্তব্য শেষে সৈয়দ এমরান সালেহ প্রিন্স মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে গণতন্ত্র, মানবাধিকার ও দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পড়ুন: দেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন শুরু
আর/


