ময়মনসিংহ মহানগরীর গোলকীবাড়ি এলাকায় জানাযার নামাজের স্থান পূন:বহাল রাখার দাবিতে আবারো আন্দোলন করেছে এলাকাবাসি। এর আগে দুই দফায় সিটি কর্পোরেশন প্রশাসক ও বিভাগীয় কমিশনার কাছে স্মারকলিপি দেয়া হলেও সুরাহা না করে দরপত্র আহ্বান করে। ঠিকাদারকে কার্যাদেশ প্রদান করা ও ঠিকাদার কাজ করতে গেলে আজ (মঙ্গলবার) স্থানীয় এলাকাবাসি বিক্ষুব্ধ হয়।
নগরীর গোলকীবাড়ি এলাকায় জানাযার নামাজের স্থানটি দীর্ঘদিন ধরে এলাকাবাসি মসজিদের তত্ত্বাবধানে চলে আসছিল। বিষয়টি এলাকাসহ নগরীর বিশিষ্টজনরা জ্ঞাত আছে।
সম্প্রতি গোলকীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাকা স্থানে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিলে এলাকাবাসির মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে গত কয়েকদিন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জানাযার স্থান বহাল রাখার দাবিতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে ৮২০ জন এলাকাবাসির স্বাক্ষরিত ৩৩ ফর্দে স্মারকলিপি দেয়া হয়।
বিগত দিনে স্মারকলিপি দেয়ার সময় জেলা জজ আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল আজিজ টুটুল, গোলকীবাড়ি মসজিদের সেক্রেটারি আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট রুহুল আমিন, অ্যাডভোকেট মোকাম্মেল হক শাকিল, অ্যাডভোকেট সৈয়দ সাদউদ্দিন প্রিন্স, শামসুর রহমান শামীম, মঈনুল ইসলাম, মুফতি জুনায়েদ, নেছার আহমদ সেলিম, সাংবাদিক আদিলুজ্জামান আদিলসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল আজিজ টুটুল বলেছিলেন, জানাযার এই স্থানটি এলাকাবাসীর আবেগ ও ধর্মীয় অনুভুতির সাথে জড়িত। গত কয়েক যুগ ধরে শতাধিক মানুষের জানাযার নামাজ এখানে অনুষ্ঠিত হয়েছে। আমি নিজেও এখানে অনেক মানুষের জানাযার নামাজ পড়েছি। তাই ওয়ার্ড কাউন্সিলার কার্যালয়টি এখানে না করে পাশে নগর স্বাস্থ্য কেন্দ্র ও প্রাইমারি স্কুলের মাঝখানে করা হলে উভয় সমস্যার সমাধান হবে বলে আমার বিশ্বাস।
বিষয়টি ধর্মীয় অনুভুতির হওয়ায় সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম উক্ত স্থানটি পরিদর্শণ করে গেছেন। এলাকাবাসির ক্ষোভের বিষয়ে একমত পোষন করে তিনি বলেছেন, আমার স্ত্রীর বড় ভাইয়ের জানাযার নামাজও আমি এই স্থানটিতে পড়েছি।
এলাকাবাসীদের দাবী কয়েক যুগ ধরে মসজিদ সংলগ্ন গোলকীবাড়ি সরকারি প্রাইমারী স্কুল মাঠের ফাঁকা স্থানটি গোলকীবাড়ি, কলেজ রোড, মোহাম্মদ আলী রোডসহ পার্শ্ববর্তী এলাকার মৃত ব্যক্তিদের জানাযার নামাজের নির্ধারিত স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। উক্ত এলাকাসমূহ ব্যাপক ঘনবসতিপূর্ণ হওয়ায় এইসব এলাকায় এই স্থান ব্যতীত আর কোন ফাঁকা স্থান নেই।
বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দ্রুত সমাধান না হলে এলাকায় পরস্পরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
পড়ুন : ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামীর বাবাসহ গ্রেপ্তার ৭


