ময়মনসিংহ-৪ (সদর) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির দলীয় ধানের শীষের মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি এর আগে ২০১৮ সালের নির্বাচনে এই আসনে ধানের শীষের প্রার্থী হিসাবে মনোনীত হয়েছিলেন।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্যাহ আল মোতাহসিমের কাছ থেকে যথাযথ প্রক্রিয়ায় এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এ সময় সদর আসনের জনগণের কাছে দোয়া এবং ভোট প্রার্থণা করে ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ সাংবাদিকদের বলেন, সদর আসনের জনগণ আমার আস্থা এবং বিশ্বাসের স্থান। বিগত ১৮ সালের নির্বাচনেও তারা আমার পাশে ছিল, আশা করছি এবারও এই আসনের জনগণ তাদের রায় এবং মুল্যবান ভোট ধানের র্শীষের পক্ষে দিবে। আমি দলের মনোনীত প্রতিনিধি মাত্র। আমি নেতা হতে চাইনা আমি সেবক হয়ে চির অম্লান হয়ে হৃদয়ে থাকতে চাই ।
দেশের বিদ্যমান পরিস্থিতিতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোন ধরনের ভয় বা শঙ্কা আছে কী-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওয়াহাব আকন্দ বলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। বিগত সময়ে জীবনবাজী রেখে আন্দোলন সংগ্রামে কাজ করেছি, কোন অপশক্তি বা স্বাধীনতা বিরোধী চক্র আমাদের দমিয়ে রাখতে পারবে না। কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যারা জীবনবাজী রেখে আন্দোলন সংগ্রাম করে হটিয়েছে, তারা কোন অপশক্তিকে ভয় পায় না।
মনোনয়ন ফরম সংগ্রহকালে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা: হোসনে আরা, প্রবীণ বিএনপি নেতা নজরুল ইসলাম ভূইয়া, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এম.এ হান্নান খান, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, একেএম মাহাবুবুল আলম মাহাবুব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না, মহানগর বিএনপির সদস্য শরাফ উদ্দিন কোহিনূর, জগলুল হায়দার, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু প্রমুখ।
পড়ুন : বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহত্তর ময়মনসিংহ সমিতির দোয়া মাহফিল


