স্মার্টফোন ও ইন্টারনেটের এই যুগে শিশু-কিশোরদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে এবং তাদের মসজিদমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জয়পুরহাট শহরের সাহেব পাড়া জামে মসজিদ কমিটি। টানা ৪০ দিন ফজরের জামাতসহ পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করা স্কুলপড়ুয়া শিশু-কিশোরদের দেওয়া হয়েছে বাইসাইকেল ও নগদ অর্থ পুরস্কার।
শনিবার (৭ মার্চ) বিকেল ৩টায় সাহেব পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলা এবং তাদের খারাপ আড্ডা ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এই কর্মসূচি নেওয়া হয়। ঘোষণার পর শহরের বিভিন্ন এলাকার স্কুলপড়ুয়া শিশুরা এতে অংশ নেয় এবং নিয়মিত মসজিদে এসে জামাতে নামাজ আদায় করে।
প্রতিযোগিতায় সফলভাবে টানা ৪০ দিন মসজিদে এসে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীদের তিনটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। এর মধ্যে প্রথম স্থান অধিকারী ১৪ জন শিশুকে একটি করে নতুন বাইসাইকেল দেওয়া হয়েছে। দ্বিতীয় স্থান অধিকারী ১৭ জনকে দেওয়া হয়েছে ১ হাজার ৫০০ টাকা করে এবং তৃতীয় স্থান অর্জনকারী ৬ জনকে দেওয়া হয়েছে ১ হাজার টাকা করে নগদ অর্থ।
সাহেব পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি এবং জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি মুহাঃ হাসিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মসজিদ কমিটির সেক্রেটারি মাফিজুর রহমান মাফু।
সভাপতির বক্তব্যে হাসিবুল আলম বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোরদের একটি বড় অংশ মোবাইল গেমস ও ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ছে। এই অবস্থা থেকে তাদের ফিরিয়ে আনতে মসজিদভিত্তিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ছোটবেলা থেকেই যদি শিশুদের মধ্যে নামাজ ও ধর্মীয় মূল্যবোধের চর্চা গড়ে ওঠে, তাহলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য সম্পদে পরিণত হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহিদুল ইসলাম, ইসমাইল হোসেন, রঞ্জু, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, শাহ আলম মোল্লা রিপন এবং মাওলানা জোবাইদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা এমন উদ্যোগকে সাধুবাদ জানান। তাদের অনেকেই বলেন, পুরস্কারের উৎসাহে শিশুরা নিয়মিত মসজিদে যাচ্ছে এবং তাদের মধ্যে নামাজের অভ্যাস গড়ে উঠছে।
নতুন বাইসাইকেল ও নগদ অর্থ হাতে পেয়ে শিশুদের চোখেমুখে ছিল উচ্ছ্বাসের ঝলক। আয়োজকদের আশা, ভবিষ্যতেও এমন উদ্যোগ শিশু-কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পড়ুন : জয়পুরহাটে বিজিবির অভিযানে কষ্টিপাথরের ২টি মূর্তি উদ্ধার, আটক ১


