মহান বিজয় দিবস উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানার তত্ত্বাবধায়ক নুর মোহাম্মদ শাহ সুফির উদ্যোগে রেলওয়ে মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও আকর্ষণীয় প্রদর্শনী উপস্থাপন করে, যা উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে।
আজ সকাল ৯টায় সৈয়দপুর রেলওয়ে কারখানা কর্তৃপক্ষের আয়োজনে এ কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে দেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করা হয়। পরে তাঁদের সম্মানে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বীর মুক্তিযোদ্ধারা বলেন, আমরা দেশের জন্য যুদ্ধ করেছি, কোনো প্রাপ্তির আশায় নয়। আমাদের একটাই চাওয়া সবাই যেন দেশকে ভালোবাসে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে এগিয়ে আসে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যারেজ শপের ইনচার্জ মমিনুল ইসলাম, সৈয়দপুর রেলওয়ে কারখানার বড় বাবু শাইফুল ইসলাম, সৈয়দপুর রেলওয়ের ওয়ার্কস বিভাগের প্রকৌশলী শরিফুল ইসলাম সহ রেলওয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থী ও সুধীজন।
বিজয় দিবসের এই আয়োজন সৈয়দপুর রেলওয়ে মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেয়।
পড়ুন: নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি মনোনীত প্রার্থী
আর/


