আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়।
শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহিদ মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার জনাব এ বি এম জাকির হোসেন, পিপিএম; অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
পরে পর্যায়ক্রমে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উপস্থিত প্রশাসনিক কর্মকর্তারা। তারা বলেন, বীর শহিদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পড়ুন-নওগাঁয় বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
দেখুন- হাদির প্রসঙ্গ টেনে ফের ভারতকে হুঁশিয়ারি দিলেন: ব্যারিস্টার ফুয়াদ


