গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার (২৩ মার্চ) সকাল ৭টা থেকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে আন্দোলন শুরু করেন। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা যাত্রীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়।
শ্রমিকদের দাবি, তাদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়নি। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার বেতন দেওয়ার তারিখ জানিয়েও তা পরিশোধ করেনি। ফলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে এই বিক্ষোভে নেমে আসেন। এর আগে, ১১ মার্চ কারখানা কর্তৃপক্ষ হঠাৎ কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়। সে সময়ও শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
শ্রমিকদের দাবি অনুযায়ী, গত ২০ মার্চের মধ্যে তাদের বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। এর মধ্যে ১,৫০০ শ্রমিকের মধ্যে ১,২৫০ জনের বেতন দেওয়া হয়।

কিন্তু শ্রমিকদের বেতন না দেওয়ায়, তারা আবার ২৩ মার্চ সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এই বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর, শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে তাঁদের কারখানার সামনে নিয়ে যান, ফলে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. ইসমাইল হোসেন জানান, গত কয়েক দিন আগে শ্রমিকরা একবার অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। তখন ২০ মার্চের মধ্যে বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু কাজ না করার ঘোষণা দিলে, কারখানা কর্তৃপক্ষ ‘নো ওয়ার্ক নো পে’ ঘোষণা করে কারখানা বন্ধ ঘোষণা করেন। এরপর শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে আবারও বিক্ষোভ করেন।
পড়ুন: টঙ্গীতে ১৪-১৬ ফেব্রুয়ারি ইজতেমা করার ঘোষণা সাদপন্থিদের
দেখুন: গাজীপুর সিটিতে জয়-পরাজয় নির্ধারণ করবে টঙ্গীর ভোট |
ইম/


