মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত অষ্টম শ্রেণির ছাত্রী মাহিয়া তাসনিম মায়ার পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানাতে মেহেরপুরের মুজিবনগরের জয়পুর গ্রামে ছুটে যান বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল।
শুক্রবার (০১ আগস্ট) দুপুরে বিমান বাহিনী প্রধানের প্রতিনিধি হিসেবে উইং কমান্ডার রেহানা ও স্কোয়াড্রন লিডার ইকতিয়ার হোসেনের নেতৃত্বে একটি দল জয়পুর গ্রামে গিয়ে মাহিয়া তাসনিমের কবর জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে তারা নিহত তাসনিমের নানাবাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন।
মাহিয়া তাসনিম মায়া চুয়াডাঙ্গার প্রয়াত প্রকৌশলী মোহাম্মদ আলীর মেয়ে। সে মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। ১১ জুলাই স্কুলে একটি শিক্ষা সফরের সময় বিমান বাহিনীর মালিকানাধীন একটি হেলিকপ্টারের দুর্ঘটনায় গুরুতর আহত হয় সে। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই সে মৃত্যুবরণ করে। তাকে জয়পুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

মাহিয়ার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এমন হৃদয়বিদারক ঘটনায় পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছে তার পরিবার।
মাহিয়া তাসনিম মায়ার নানা নজরুল ইসলাম বলেন,
আমরা খুবই মর্মাহত। কিন্তু আজকে বিমান বাহিনীর একটি দল এসে আমাদের পাশে দাঁড়িয়েছে, সমবেদনা জানিয়েছে। তারা আমাদের পরিবারকে কিছু সহযোগিতার আশ্বাসও দিয়েছে। এটা আমাদের জন্য কিছুটা সান্ত্বনার।
এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলও নিহত ছাত্রীর পরিবারের খোঁজখবর নিতে উপস্থিত ছিলেন।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। সরকারিভাবে কোনো নির্দেশনা এলে প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।
বিমান বাহিনীর এই উপস্থিতি ও আশ্বাসে কিছুটা হলেও সান্ত্বনা পেয়েছে মাহিয়া তাসনিমের শোকার্ত পরিবার।


