মেহেরপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তাজউদ্দীন খান বলেছেন, সকলের সহযোগিতা নিয়ে মেহেরপুর জেলার বিদ্যমান সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করা হবে। তিনি দৃঢ়ভাবে বলেন, তার নাম ভাঙিয়ে কিংবা অন্যায় আবদার করে কোনো কাজ করা যাবে না। একই সঙ্গে তিনি মাদকমুক্ত মেহেরপুর গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের মিনি সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা।
সংসদ সদস্য তাজউদ্দীন খান বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে জেলা প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এজন্য তিনি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, মেহেরপুরকে একটি আধুনিক, উন্নত ও মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।
জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে থাকে। সরকারের গৃহীত কর্মসূচিগুলো বাস্তবায়নই প্রশাসনের মূল দায়িত্ব। তিনি বলেন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে সরকারি ও বিরোধী দলসহ সকলকে একসঙ্গে মেহেরপুরের উন্নয়নে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মেহেরপুর একটি শান্তিপূর্ণ জেলা হিসেবে পরিচিত। এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
সৌজন্য সাক্ষাতে বক্তব্য রাখেন সংসদ সদস্য নাজমুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীর, খাদেজা খাতুন, আবির আনসারী, হাবিবুর রহমান ও ইস্তামুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি মেহেরপুর জেলা শাখার সেক্রেটারি ইকবাল হোসেন, নায়েবে আমির মাহবুব-উল আলম, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, সদর উপজেলা আমির সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা আমির খান জাহান আলী, পেশাজীবী সংগঠনের সভাপতি আল আমিন হোসেন এবং কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসেনসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎ শেষে মেহেরপুর জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


