শীতের কনকনে ঠান্ডায় অসহায় মানুষের পাশে দাঁড়াল জামালপুরের মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ। সংগঠনটির উদ্যোগে উপজেলার জোড়খালী ইউনিয়নে দুই শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে জোড়খালী ইউনিয়নের কয়ড়া বাজার এলাকায় আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ইফতেখার চৌধুরী লেমন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম। এছাড়া সংগঠনের উপদেষ্টা শাজাহান সিরাজ, এমডি শিমুল, রকিবুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, “শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রবাসী কল্যাণ পরিষদের এই মানবিক কাজ সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে।”
সভাপতির বক্তব্যে ইফতেখার চৌধুরী লেমন বলেন, “প্রবাসে থাকা আমাদের ভাইদের সহযোগিতায় আমরা প্রতিবছর শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সমাজের অবহেলিত মানুষের মুখে একটু হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাখাওয়াত হোসাইন সুমন।
কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, তীব্র শীতে এই সহায়তা তাদের জন্য বড় আশীর্বাদ হয়ে এসেছে। তারা প্রবাসী কল্যাণ পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছে।
পড়ুন- বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়ন তুললেন বিএনপি নেতা মোর্শেদ মিল্টন


