ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের ৩টি সংসদীয় আসনে বেসরকারীভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে মাদারীপুর জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম এ ফলাফল ঘোষণা করেন। এতে দুটিতে বিএনপি ও একটিতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী বিজয়ী হয়েছে।
মাদারীপুর-১ আসনে বাংলাদেশের খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা রিকশা প্রতীক নিয়ে ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট। এ আসনে জয়-পরাজয়ের ব্যবধান ৩৮৫ ভোট।
অপরদিকে, মাদারীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া ৬১ হাজার ৭৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য পেয়েছেন ৪৬ হাজার ৪৭৬ ভোট।
এছাড়া মাদারীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার ৯৭ হাজার ২০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম পেয়েছেন ৮৭ হাজার ৩৩১ ভোট।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া ৫০টি রাজনৈতিক দল।
পড়ুন:হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জিকে গউছ বিজয়ী
দেখুন:একাধিক কেলেঙ্কারির পর ডিভোর্সের ঘোষণা দিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী |
ইম/


