মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসানকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে এবং মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
সোমবার(১৬ মার্চ) দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের ডিসি ব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুর সদর থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় একজন নেতা। অথচ মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোনো তদন্ত ছাড়াই একটি হত্যা মামলায় তাকে আসামি করেছেন, যা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।
নেতারা দ্রুত সময়ের মধ্যে এই মিথ্যা মামলা থেকে কামরুল হাসানের নাম প্রত্যাহার এবং সদর থানার ওসি আবুল কালাম আজাদকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় মাদারীপুর জেলা ছাত্রদল লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক নুরে-আলম নয়ন, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ মোল্লা এবং আহ্বায়ক কমিটির সদস্য ফয়সাল শিকদারসহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


