চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাদ্রাসা শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প নেই। মাদ্রাসা শিক্ষার্থীরা এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ থেকেও উচ্চ ডিগ্রি অর্জন করছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও মাদ্রাসার শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছে, যা অত্যন্ত ইতিবাচক দিক।
শনিবার (২৮ মার্চ) বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা এলাকায় চিকন খলিফা ছিদ্দিক আহমদ মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা সবাই মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর উম্মত। তাঁর দেখানো পথে চলতে হবে এবং রাসূল (সা.)-এর সুন্নাহ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উলামায়ে কেরাম ও অলী-আউলিয়ারা এদেশে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং এসএম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার, ছনহরা ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, মহানগর বিএনপি নেতা কামরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, সংগঠক জিয়াউর রহমান, মো. আখতারুজ্জামান, হাজী আব্দুল গফুর, আব্দুল আলিম মেম্বার প্রমুখ।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, পটিয়া অনেক দূর এগিয়ে গেছে। ইদ্রিস মিয়া যেভাবে পটিয়ার জন্য কাজ করেছেন, তার অবর্তমানে পরবর্তী প্রজন্ম এসে হাল ধরবে। পরে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পড়ুন : জ্বালানি তেল মজুদ প্রতিরোধে সুনামগঞ্জে ডিপোতে বিজিবি মোতায়েন


