নরসিংদীর মাধবদীতে কাঠালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. ইসহাক মিয়ার ধানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে প্রথমে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নেভালেও সকাল বেলায় এসে দেখা যায় ধানের মুঠিগুলোতে আবারও আগুন জ্বলছে।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “ধানের মুঠিগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে, ভিডিও চিত্রও পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, কাঠালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. ইসহাক মিয়ার ২৬ শতাংশ জমি থেকে কাটা পাকা ধান সাটানোর জন্য রাখা হয়েছিল। সেই ধানগুলো খড়সহ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে স্থানীয়রাও আতঙ্কে রয়েছেন।
ইউনিয়ন বিএনপি নেতা মো. ইসহাক মিয়া বলেন, “প্রথমে স্থানীয়রাই আগুন দেখতে পান। পরে খবর পেয়ে আমরা গিয়ে নেভাই। কে বা কারা আমার ফসলি জমিতে রাখা ধান–খড় পুড়িয়ে দিয়েছে, তা বলতে পারছি না। রাজনৈতিক ও সামাজিক প্রতিহিংসা থেকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে।” তিনি আরও জানান, “ঘটনা জানালে থানা পুলিশ এসে পরিদর্শন করেছে।”
পড়ুন: দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও পানিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
আর/


