নরসিংদীতে মাধবদী পৌর এলাকার বিরামপুর কালীবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাপড় তৈরির তিনটি কারখানা ভস্মীভূত হয়েছে। ভুক্তভোগী মালিক আশঙ্কা করছেন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল ৩টা ৫৫ মিনিটে মাধবদী ফায়ার স্টেশনে খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টার পর বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৫টা ৩৬ মিনিটে সম্পূর্ণ নির্বাপন করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হাজী জালাল উদ্দিনের মালিকানাধীন হাজী টেক্সটাইল (২০ হাজার বর্গফুট) কারখানার সিলিং অংশে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তারই মালিকানাধীন পাশের নিঝুম টেক্সটাইল (১০ হাজার বর্গফুট) ও আরিয়ান টেক্সটাইল (১২ হাজার বর্গফুট)-এ। ফলে তিনটি কারখানাই আংশিক ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
মাধবদী বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (ইনচার্জ) মোঃ রায়হান (পিএফএম.এস) বলেন, “হাজী জালাল উদ্দিনের তিনটি টেক্সটাইল মিল আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত ছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। ভাগ্যক্রমে কেউ আহত বা নিহত হয়নি।”
তিনি আরও জানান, নরসিংদী ফায়ার স্টেশন থেকেও দুটি গাড়ি সহায়ক ইউনিট হিসেবে ঘটনাস্থলে পৌঁছেছিল, তবে আগুন নিয়ন্ত্রণে আসায় তাদের কাজ করতে হয়নি। ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।
ভুক্তভোগী হাজী জালাল উদ্দিন জানান, তার কাপড় বুননের তিনটি টেক্সটাইল মিলে আগুন ছড়িয়ে পড়ে। এতে বিদেশি মেশিনসহ সুতা ও কাপড় পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারেননি তিনি
পড়ুন: নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা
দেখুন: ভারতে প্রথম বরফ এসেছিল কিভাবে?
ইম/


