বলিউডের জনপ্রিয় অভিনেতা আর মাধবন সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে একটি চক্র। বিষয়টি নজরে আসার পরপরই এক পোস্টের মাধ্যমে ভক্ত ও অনুসারীদের সতর্ক করেছেন থ্রি ইডিয়টস খ্যাত এই অভিনেতা।
সংশ্লিষ্ট ভুয়া অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট শেয়ার করে মাধবন জানিয়েছেন, ওই অ্যাকাউন্টের সঙ্গে তার বা তার টিমের কোনো সম্পর্ক নেই।
অভিনেতা আরও উল্লেখ করেন, জনৈক ব্যক্তি তার পরিচয় ব্যবহার করে ভক্তদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাই সবাইকে এই ধরনের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে এই জালিয়াতির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান মাধবন।
বলিউডে তারকাদের নাম ব্যবহার করে সাইবার জালিয়াতি বা ‘ডিপফেক’ প্রযুক্তির অপব্যবহার এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এর আগে অনেক তারকা তাদের ব্যক্তিগত সুরক্ষা ও ভাবমূর্তি বজায় রাখতে আদালতের শরণাপন্ন হয়েছেন। মাধবনও বড় কোনো আর্থিক ক্ষতি বা বিভ্রান্তি ছড়ানোর আগেই ভক্তদের সচেতন করার উদ্যোগ নিয়েছেন।
উল্লেখ্য, আর মাধবন বর্তমানে ক্যারিয়ারের সুসময় পার করছেন। চলতি বছরে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে তার অভিনীত ‘ডিকাপলড’ মুক্তি পেয়েছে। এ ছাড়া গত ডিসেম্বরে বড় পর্দায় মুক্তি পাওয়া তার ‘ধুরন্ধর’ সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট তকমা পেয়েছে।
পড়ুন:বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা টেইলর সুইফট, কত সম্পদের মালিক তিনি?
দেখুন:সরকারী অফিসে কর্মকর্তার গোপন কক্ষ, রয়েছে অনৈতিক কাজের উপকরণও |
ইমি/


