রাজধানীর কলাবাগান এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৩ (র্যাব-৩) এর একটি বিশেষ অভিযানে অবৈধভাবে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের প্রধান আসামি কামরুজ্জামান টুন্নু খাকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, কামরুজ্জামান সহজ-সরল মানুষদের ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিতেন। তবে তিনি প্রতিশ্রুতি মতো তাদের ইতালি না পাঠিয়ে দুবাই হয়ে লিবিয়ার দালালদের কাছে বিক্রি করে দিতেন এবং পরবর্তীতে তাদের উদ্ধার করার নাম করে ভুক্তভোগীদের পরিবার থেকে পুনরায় টাকা আদায় করতেন।

গত ০২ জুলাই ২০২২ তারিখে মাদারীপুর জেলার সদর থানাধীন ত্রিভাগদী এলাকার মোঃ শাহজাহান হাওলাদার নামক এক ভিকটিমকে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে কামরুজ্জামান ১৩ লক্ষ টাকা আদায় করেন। পরে ১৮ জুলাই ২০২২ তারিখে তাকে দুবাই হয়ে লিবিয়ায় দালালদের কাছে বিক্রি করে দেয়। ভিকটিমের পরিবার মানব পাচার চক্রের কাছে জানতে চাইলে তাদের কাছ থেকে ২৫ লক্ষ ৫৯ হাজার ৭১৯ টাকা মুক্তিপণ আদায় করা হয়। তবে মুক্তিপণের টাকা নেয়ার পরও ভিকটিমকে ফেরত দেওয়া হয়নি।
মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল, মাদারীপুরের আদেশে র্যাব-৩ কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে একজনকে = গ্রেপ্তার করে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে র্যাব-৩ এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
এনএ/


