গ্রামীণ উন্নয়নের ধারায় মানবসম্পদ বিকাশকে এগিয়ে নিতে “গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়ন প্রকল্প”-এর স্টেকহোল্ডার ব্রিফিং সেশন বৃহস্পতিবার সকালে জামালপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি। তাঁর দক্ষ নেতৃত্ব ও প্রাণবন্ত উপস্থিতিতে সেশনটি হয়ে ওঠে অংশগ্রহণমূলক ও অনুপ্রেরণাদায়ক, যেখানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, উন্নয়ন কর্মী ও গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতি পুরো আয়োজনকে দিয়েছে ভিন্ন মাত্রা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি বলেন,“পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি শুধু অবকাঠামো নয়—এটি মানুষের জীবনমান উন্নয়নের মূল ভিত্তি। সচেতনতা, আন্তরিকতা ও সহযোগিতাই পারে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে।”
অনুষ্ঠানে টিম লিডার শহীদ ইকবাল সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন। সেশনে প্রকল্পের লক্ষ্য, বাস্তবায়ন কৌশল ও টেকসই পানি ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়।
মোট ২৮ জন স্টেকহোল্ডার এই ব্রিফিং সেশনে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময় করেন এবং প্রকল্প বাস্তবায়নে করণীয় বিষয়ে মতামত প্রদান করেন।
এ সময় ৪টি উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও শিক্ষকেরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এই প্রকল্পের সফল বাস্তবায়ন কেবল নিরাপদ পানির নিশ্চয়তাই নয়, বরং জনস্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষে সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করে প্রত্যেকটি বাড়িতে নিরাপদ পানি ও স্বাস্থ্যকর স্যানিটেশন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পড়ুন: জামিনে থাকা যুবলীগ নেতা সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ
দেখুন: মানুষের রিজিক নষ্ট করে, এ কেমন শত্রুতা!
ইম/


