মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলার কার্যধারা বাতিল চেয়ে ড. মুহাম্মদ ইউনূসের করা আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে আগামীকাল। আজ মঙ্গলবার (৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেছেন।
গতকাল সোমবার (৮ জুলাই) এই মামলাের অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস সহ গ্রামীণ টেলিকমের শীর্ষ সাত কর্মকর্তা। আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়েছে। আবেদনটি আজ শুনানির জন্য আদালতের কার্যতালিকায় উঠেছে।
ড. ইউনূস ছাড়া অপর ছয় আবেদনকারীরা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী।
আজ আদালতে ড. ইউনূসসহ সাতজনের পক্ষে আইনজীবী ছিলেন আবদুল্লাহ-আল-মামুন। দুদকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।
প্রসঙ্গত, দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার গত বছরের ৩০ মে মামলা করেন প্রধান বাদী হয়ে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া, গত ১২ জুন ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।


