ঢাকার মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে বিপ্লবী ছাত্র-সমাজের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশ হয় সরকারি কলেজ এর সামনে।
সমাবেশে শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ১১ মাসে দেড়শ খুন’সহ নানা ঝাঁঝালো স্লোগান দেন। তারা সোহাগ হত্যার বিচার দাবির পাশাপাশি দেশব্যাপী চলমান চাঁদাবাজি, সন্ত্রাস এবং রাজনৈতিক প্রশ্রয়ে সহিংসতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বলেন, “৫ আগস্টের পর আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছিলাম, কিন্তু সেই স্বপ্নে ছোবল দিয়েছে এক শকুনের দল, যারা ফের খামচে ধরেছে বাংলাদেশের পতাকা।”
বক্তারা খুনির দলীয় পরিচয় নয়, অপরাধ বিবেচনায় বিচার দাবি করেন। তারা বলেন, “রাজনীতির আড়ালে যারা খুন, গুম, ধর্ষণ করছে, দায় সংশ্লিষ্ট দলকেই নিতে হবে।”
বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে সোহাগসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিত করার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিচার না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা ঘরে ফিরবে না, গণজোয়ার থামানো যাবে না।”
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, “আপনি লন্ডন থেকে নির্দেশনা দিচ্ছেন, কিন্তু মাঠে আপনার নেতাকর্মীরা সে নির্দেশনা মানছে না। আপনি দ্রুত দেশে এসে জনগণের পাশে দাঁড়ান।”
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সাফফাতুল ইসলাম, ছাত্রনেতা সাব্বির হোসেন ও তাসলিম আল মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন সাইফুল্লাহ সাদিক সৌরভ, মুশফিকুর রহমান, ফাহিম উদ্দীন মভিন, মাহাবুব ইসলাম আকাশ, আব্দুল্লাহ আল কাফি, ইব্রাহিম মাসুম, নাহিদ জাভেদ, ইউসুফ আল সাফিন, সালমান ফারসি, মেজবাউর রহমান রনক, হিমেল, তৌফিক আহমেদ, সোয়াদ, হাসনা জাহান খুশবু, আনিতা, তাসনিয়া আফসিন, নুসরাত জাহান মৌলি প্রমুখ।
পড়ুন : গেটম্যান নেই মৃত্যু হলো যুবকের, চুয়াডাঙ্গায় ট্রেন অবরোধে জনদুর্ভোগ


