মিয়ানমারের বহুল সমালোচিত জাতীয় নির্বাচন চলাকালে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এমনটি জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মানবাধিকার দপ্তরের তথ্যমতে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে চলতি জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত অন্তত ৪০৮টি সামরিক বিমান হামলা চালানো হয়। খবর বিবিসির।
নির্বাচনটিকে আগেই ‘প্রহসন’ আখ্যা দিয়েছে বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠন। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, সেনাবাহিনী–সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) এতে বড় ধরনের বিজয় পেয়েছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও বন্দি অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি।
জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার টুর্ক বলেন, এই নির্বাচন সেনাবাহিনী সাজানোভাবে আয়োজন করেছে এবং বিরোধী প্রার্থী ও কয়েকটি জাতিগোষ্ঠীকে বাদ দেয়া হয়েছে। তিনি জানান, ভয় ও সহিংসতার মধ্যেই মানুষ ভোট দেওয়া বা না দেয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, যা মৌলিক নাগরিক অধিকারের পরিপন্থি।
পড়ুন : ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইইউ


