মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করতে নতুন প্রবেশ বিধিমালা কার্যকর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই নিয়ম এখন থেকে স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশকারী সবার জন্য প্রযোজ্য হবে, যার মধ্যে সংবাদমাধ্যম প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত।
আজ এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নতুন বিধি অনুযায়ী সাংবাদিকদের জন্য স্টেডিয়ামে প্রবেশের একমাত্র নির্ধারিত পথ ১ নম্বর গেইট।
এ ছাড়া সংবাদমাধ্যমের প্রতিনিধিরা শুধু নির্দিষ্ট কিছু উপলক্ষে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে ম্যাচের দিন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আনুষ্ঠানিক আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠান এবং বিসিবি কর্তৃক জানানো নির্দিষ্ট অনুশীলন বা প্রশিক্ষণ সেশন।
বিসিবি বলেছে, নিরাপত্তা, শৃঙ্খলা এবং ভেন্যু ও বোর্ড কার্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন নিয়ম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহায়তা কামনা করেছে ক্রিকেট বোর্ড। বিসিবির নতুন নিয়মে সাংবাদিকদের কাজের পরিধি কিছুটা ‘সীমাবদ্ধ’ হচ্ছে।
বিসিবির পক্ষ থেকে স্টেডিয়াম এবং অফিস প্রাঙ্গণে নিরাপত্তা সংক্রান্ত সব বিধিনিষেধ সঠিকভাবে মেনে চলার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়েছে। মূলত নিরাপত্তা পরিস্থিতি পুনর্বিবেচনা করেই বোর্ড এমন কঠোর অবস্থানে গিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এখন থেকে গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিসিবির এই নতুন প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করতে হবে।
উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নেয়ায় মিরপুরের হোম অব ক্রিকেটে বর্তমানে জাতীয় দলের কোনো ব্যস্ততা নেই। তবে বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে মিরপুরে। তার আগে ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে একটি বিশেষ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবি।
পড়ুন : বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক বিতর্ক নিয়ে যা জানাল বিসিবি


