মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিউদ্দিনের সমর্থকদের ওপর সশস্ত্র হামলা ও ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে।
শনিবার (৭-ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়নের বেহেরকান্দি ও মুন্সীকান্দি গ্রামে এঘটনা ঘটে।
এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কয়েকজন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও রিজন(৩০) নামের একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ও হাসপাতালে প্রেরণ করা হয়। সে মুন্সীকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে।
এদিকে হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।
অভিযোগ উঠেছে সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আলী ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লার অনুসারীরা এই হামলার সঙ্গে জড়িত। দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল।
স্থানীয়রা জানান, শনিবার সকালে স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিউদ্দিনের ফুটবল প্রতীকের সমর্থক জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের লোকজন মুন্সীকান্দি এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লার অনুসারীরা ককটেল নিয়ে হামলা চালায়। পরে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আওলাদ পক্ষের কয়েকজনকে অস্ত্র হাতে অবস্থান করতে দেখা গেছে।
মুন্সীগঞ্জ সদর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এদের পূর্ব বিরোধ ছিল। নির্বাচন ঘনিয়ে আসতেই আবার এরা এলাকায় সক্রিয় হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
পড়ুন- রূপগঞ্জে দিপু ভুঁইয়ার পক্ষে টিপু’র নেতৃত্বে পূর্বাচলে গণসংযোগ


