মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে দূর্ঘটনায় এক নারীর মৃত্যূ হয়েছে।
মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে নোহা গাড়ি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরো ৩ জন নারী।
নিহত জোবায়দা বেগম (৫০) শ্রীনগর উপজেলার বাড়ৈখালী শিবরামপুর এলাকার এখলাছ উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন একই উপজেলার ওমপাড়া বাগমাড়ি এলাকার দেলোয়ার শিকদার এর স্ত্রী আশুদা বেগম (৫৪) , আলমপুর গ্রামের মহসিন(৪৫), সিরাজদিখান উপজেলার শেখেরনগর গ্রামের শাহাদাত শেখের ছেলে আব্দুর মহিম।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, একটি নোহা গাড়ি ঢাকার দিকে যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটি শ্রীনগরের দিকে যাচ্ছিল। ষোলঘর এলাকায় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক নারী নিহত এবং ৩ জন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসক জোবায়দা বেগমকে মৃত ঘোষণা করেন।
হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনার পর নোহা গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে গাড়িটি পুলিশ জিম্মায় রয়েছে। নিহতের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।
পড়ুন- নানা আয়োজনে নেত্রকোনায় মুক্ত দিবস পালিত
দেখুন- নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দিতে দিল্লির চাপ বাড়ছে? |


