মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং নিহতদের পরিবারের মাঝে ১ কোটি ১৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।
রোববার সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
বিআরটিএ এবং মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার মোট ২৭ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের স্বজনদের হাতে চেক তুলে দেওয়া হয়। গত ছয় মাসে আবেদন করা ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
নিয়ম অনুযায়ী, আহত ব্যক্তিদের প্রত্যেককে ১ লাখ টাকা এবং নিহত ব্যক্তিদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। মোট ২৭টি চেকের মাধ্যমে ১ কোটি ১৯ লাখ টাকা বিতরণ করা হয়। এর মধ্যে আহত ৪ জনের জন্য ৪ লাখ টাকা এবং নিহত ২৩ জনের পরিবারের জন্য ১ কোটি ১৫ লাখ টাকা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এসময় আরও উপস্থিত ছিলেন বিআরটিএর যুগ্ম সচিব রুহাইয়াত-ই-আশিক, জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবিরসহ বিআরটিএ ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের স্বজনরা।
পড়ুন:কুলাউড়ায় আপন ভাই হত্যার ঘাতক মহসিন গ্রেপ্তার, ১৫ বছর পর পুলিশের সাফল্য
দেখুন:নির্বাচন নিয়ে মুখ খুললেন মাশরাফি
ইম/


