ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ফুটবল প্রতীকের সমর্থনে এক বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের হাতিমারা এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ধলাগাঁও বাজারে এসে শেষ হয়। দুপুর থেকেই রামপাল ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শত শত নারী ফুটবল প্রতীক হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহ হাতিমারা এলাকায় জড়ো হতে থাকেন। মুহুর্তেই ব্যানার, ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন। তিনি বলেন, আমি আপনাদের প্রতিবেশী ও ভাই। আপনাদের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। আগামী ১২ তারিখ ফুটবল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি সবসময় আপনাদের পাশে থাকব।
তিনি আরও বলেন, রামপাল ইউনিয়নে আমার অনেক বন্ধু ছিল, এখনো আছে। কেউ কেউ হয়তো বড় পদের জন্য দূরে সরে গেছে, তবুও আমি তাদের বন্ধু হিসেবেই মনে করি। ইনশাআল্লাহ আমি সবসময় আপনাদের সঙ্গেই থাকব।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রামপাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর মাদবর, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শফিকুল ইসলাম শওকত, মো. মিল্লাত হোসেন, সুবর্ণা কাজী, মু. মাসুদ রানা প্রমুখ।
পড়ুন : মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১ কোটি ১৯ লাখ টাকার চেক বিতরণ


