১৪/০২/২০২৬, ১৮:১৪ অপরাহ্ণ
28 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৮:১৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মুম্বাইয়ে ব্যস্ত সড়কে ধসে পড়ল মেট্রো রেলসেতুর অংশ

ভারতের মুম্বাই শহরের মুলুন্ড এলাকায় নির্মাণাধীন মেট্রো রেলসেতুর একটি অংশ ভেঙে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ১২টা ১৫ মিনিটে ব্যস্ত সড়ক এলবিএস রোডের ওপর এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উঁচুতে নির্মাণাধীন মেট্রো ব্রিজের প্যারাপেটের (রেলিং-সদৃশ সুরক্ষা অংশ) একটি প্রায় ৬ ফুট বাই চার ফুট আয়তনের অংশ হঠাৎ ভেঙে নিচে পড়ে। সে সময় নিচ দিয়ে চলাচলরত একটি অটোরিকশা ও একটি গাড়ির ওপর অংশটি আছড়ে পড়ে। ঘটনাস্থলটি জনসন অ্যান্ড জনসন কারখানার সামনের ব্যস্ত সড়ক।

দুর্ঘটনায় রামধন যাদব নামে একজন নিহত হন। আহতদের মধ্যে ৪৫ বছর বয়সী রাজকুমার ইন্দ্রজিৎ যাদবকে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। অন্য দুই আহত-মহেন্দ্র প্রতাপ যাদব (৫২) ও দীপা রুহিয়া (৪০)-বর্তমানে স্থিতিশীল আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি (এমএমআরডিএ) এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে। সংস্থার প্রকল্প দল ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। তারা বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এলাকা নিরাপদ করার কাজ করছে।

এমএমআরডিএ জানিয়েছে, কী কারণে এই অংশটি ভেঙে পড়ল তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নির্মাণকাজে নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না এবং কাঠামোগত স্থিতিশীলতায় কোনো ত্রুটি ছিল কি না-সেসব বিষয় খতিয়ে দেখা হবে।

ব্যস্ত সড়কে দিনের বেলায় এ ধরনের দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্মাণাধীন অবকাঠামো প্রকল্পে নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্যের সময় স্পষ্ট করলেন রণধীর জয়সওয়াল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন