কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার এলাকায় তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া আট আসামির মধ্যে সাতজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি বাচ্চু মিয়া মেম্বার আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জানালে, তার বক্তব্য রেকর্ডের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
চাঞ্চল্যকর এ তিন খুনের ঘটনায় ঢাকায় র্যাবের হাতে গ্রেফতার হওয়া ছয় আসামিকে রবিবার (৬ জুলাই) বিকেলে কুমিল্লার আদালতে হাজির করা হলে ৫ নম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিদ্দিক আজাদ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শনিবার সন্ধ্যায় সেনাবাহিনীর হাতে আটক হওয়া আরও দুই আসামিকে পুলিশের মাধ্যমে আদালতে তোলা হলে আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হক তাদেরও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৪ জুলাই বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এনে নিজ বাড়ির সামনে রোখসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি আক্তার এবং ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত রুবির বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ পর্যন্ত সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে মোট আটজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে, ৫ জুলাই সন্ধ্যায় গ্রেফতার হওয়া নাজিমুদ্দিন বাবুল ও ছবির আহমেদ নামে দুই আসামিকে আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
৬ জুলাই রবিবার বিকেলে র্যাবের হাতে আটক বাচ্চু মিয়া, রবিউল আওয়াল, আতিকুর রহমান, মো. বায়েজ মাষ্টার, দুলাল ও আকাশকে আদালতে হাজির করা হলে বিচারক তাদেরও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান জানান, মামলায় গ্রেফতার আটজনকে শনিবার ও রবিবার আদালতে হাজির করা হয়েছে। এর মধ্যে মামলার ৩ নম্বর আসামি বাচ্চু মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তার জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।
পড়ুন : মুরাদনগরে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২


