ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে দুটি লাইটার জাহাজের সংঘর্ষে এক জাহাজ চরে আটকে যায়। জাহাজটিতে থাকা ১৩ জন ক্রুকে উদ্ধার করে নিরাপদে মালিকপক্ষের কাছে হস্তান্তর করেছে লক্ষ্মীপুরের রামগতি কোস্ট গার্ড স্টেশনের একটি উদ্ধারকারী দল।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার রাত ২টার দিকে তজুমদ্দিন থানাধীন বরিশাল বাজার লাল ঘাট আইল্যান্ড সংলগ্ন এলাকায় এমভি উম্মে হাবিবা ও এমভি মডার্ন মেরিন-১৯ নামের দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষ হয়। এতে মডার্ন মেরিন-১৯ -এর তলদেশ ফেটে পানি ঢুকে পড়লে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে চরে আটকে যায়। পরে ক্রুরা কোস্ট গার্ডের সহায়তা চান।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানায়, জরুরি সেবা ও উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পড়ুন : চাঁদপুরের মেঘনায় ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবলো লাইটার জাহাজ


